গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে) এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গে মোট ১ হাজার ৩৫৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল উপসর্গ নিয়েই মারা গেছেন ১ হাজার ২১৮ জন এবং হাম শনাক্ত হয়েছিল ১০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৬ জন। বিভাগভিত্তিক ভর্তির হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৫৯ জন, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৬৩, বরিশালে ১৪০, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৩১ এবং রংপুরে ১৫ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর দেশে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনে, যাদের মধ্যে ২৫ হাজার ৫২৮ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে অধিদপ্তরের এই হিসাবে কেবল হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়। হাসপাতালে আসা কিংবা এর বাইরে থাকা সব রোগীর পরীক্ষা না হওয়ায় দেশে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।
হামের প্রধান প্রধান লক্ষণসমূহ:
স্বাস্থ্যবিষয়ক তথ্যানুযায়ী, হামে আক্রান্ত হলে রোগীর দেহে নানা ধরনের লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ হলো:
তীব্র জ্বর: হামের শুরুতেই শরীর বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনেক সময় এই জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে।
সর্দি ও কাশি: অনবরত হাঁচি দেওয়া, নাক দিয়ে পানি পড়া এবং তীব্র শুকনো কাশি হওয়া হামের প্রাথমিক ও সাধারণ লক্ষণ।
চোখের সমস্যা: আক্রান্ত শিশুর চোখ লাল হয়ে যায়, অনবরত পানি পড়ে এবং আলোতে তাকালে চোখে তীব্র অস্বস্তি বা ব্যথার অনুভূতি হয়।
মুখের ভেতর সাদা দাগ (কপলিক স্পট): সাধারণত জ্বর আসার দুই থেকে তিন দিনের মাথায় মাড়ির পাশে বা গালের ভেতরের চামড়ায় ক্ষুদ্র লবণের দানার মতো সাদাটে দাগ ফুটে ওঠে।
লালচে ফুসকুড়ি বা র্যাশ: জ্বর শুরু হওয়ার ৩ থেকে ৫ দিন পর প্রথম কানের পেছন ও মুখে লাল দানাদার ফুসকুড়ি দেখা দেয়। পরবর্তীতে তা ঘাড়, বুক, পিঠ ও হাত-পাসহ পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
শারীরিক দুর্বলতা ও অরুচি: পেশিতে ব্যথাসহ শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং খাবারের প্রতি তীব্র অরুচি তৈরি হয়। ক্ষেত্রবিশেষে পাতলা পায়খানা কিংবা বমিও হতে পারে।
পড়ুন : কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
সা/


