কৃষকের জন্য অর্থায়নের নিশ্চয়তা মেলেনি কপ ৩১-এ, সুবর্ণচরে মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মাঠে ফসল পুড়ছে, বাড়ছে কৃষকের ক্ষতি। অথচ জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নে কৃষি খাত পাচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহেও কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। এ অবস্থায় কৃষকের অধিকার ও ন্যায্য অর্থায়নের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি), ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও) যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। কিন্তু অভিযোজন তহবিলের মাত্র ২০ শতাংশ পাচ্ছে এ খাত। অন্যদিকে, জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

এসব সংগঠনের নেতারা বলেন, স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরাই এ প্রচারাভিযানের মূল লক্ষ্য। কৃষিকে শুধু কার্বন নিঃসরণ কমানোর খাত হিসেবে দেখলে চলবে না, বরং খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।

কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ এবং চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করা। এই অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, সরাসরি অনুদান হিসেবে পৌঁছাতে হবে।

এ ছাড়া কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ে শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া, কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতি এবং সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে কৃষকদের সরাসরি প্রবেশাধিকার এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এসএইচবিওর নির্বাহী প্রধান ফাহিদা সুলতানা বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।

কপ৩১-এর আলোচনায় এসব দাবি তুলে ধরতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতিও আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ‎সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন