৩৭ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন তিনি। শিক্ষকতার পাশাপাশি যুক্ত ছিলেন শিক্ষকদের অধিকার ও কল্যাণে কাজ করা বাংলাদেশ শিক্ষক সমিতির সঙ্গেও। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে কিছুদিন আগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান প্রবীণ শিক্ষক মুহাম্মদ শাহজাহান। তবে দীর্ঘদিনের সহকর্মী, প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকতা পেশার স্মৃতিমাখা জীবন থেকে বিদায় নেওয়ার মুহূর্তটি যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাহজাহান স্যার। তাঁর অশ্রুসিক্ত বিদায় মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর প্রতীক শফিকুর নূর মওলা হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ শাহজাহানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসা ও নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
সংবর্ধিত অতিথি ছিলেন নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ড্রিমকি প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মহিব উল্লাহ, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল্লাহ আল রাকিব সিদ্দিকী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আকরাম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকতা পেশায় মুহাম্মদ শাহজাহানের ৩৭ বছরের অবদান এবং শিক্ষক সমাজের কল্যাণে তাঁর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ শাহজাহানকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


