কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের পরিস্থিতি অস্বাভাবিক করে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা।
শহরের চৌমুহনা এলাকা থেকে বিকেলে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জনগনকে সাথে নিয়ে, সকল নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে শক্ত অবস্থানে আছে মৌলভীবাজার জেলা যুবদল, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কেউ নাশকতামূলক কর্মকান্ড বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করলে তাদের আইনের হাতে তুলে দেয়া হবে।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও যুবদলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক


