দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি বিক্রয় প্রতিনিধিরা। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করলেও তাঁদের চাকরির নিশ্চয়তা, পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিয়ে রয়েছে নানা প্রশ্ন। দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে এবার আট দফা দাবি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।
বিক্রয় প্রতিনিধিদের চাকরির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, আট দফা দাবি বাস্তবায়ন এবং তাঁদের পেশা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, তা নির্ধারণের দাবিতে মাদারীপুরে শান্তিপূর্ণ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় নির্দেশ শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রায় বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ এ পেশায় নিয়োজিত অনেক কর্মীর পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। চাকরির সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে তাঁদের কর্মজীবনে স্থিতিশীলতা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
সংগঠনটির দাবি, বিক্রয় প্রতিনিধিদের জন্য একটি সুনির্দিষ্ট ও বাস্তবমুখী চাকরির নীতিমালা প্রণয়ন এবং আট দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। একই সঙ্গে তাঁদের পেশাগত কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, সে বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি সংগঠনের মাদারীপুর জেলার সহ-সভাপতি- জামাল হোসেন,সহ-সভাপতি -আলি মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ খান রিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন সরদারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধি, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন : লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে


