মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশের এক বড় ধরনের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তায় ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হলেও, বিজিবির কঠোর হুশিয়ারি ও বলিষ্ঠ অবস্থানের মুখে তা ব্যর্থ হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বড়লেখার লাতু ও পাল্লাথল সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায়। সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা ওই ২০ জনকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল দ্রুত সক্রিয় হয়ে ওঠে। বিজিবি সদস্যদরা সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়।
এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্ত সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা আপসহীন। যে কোনো পরিস্থিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।”
অধিনায়ক আরও জানান, এ ঘটনার পর ওই সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং টহলের পরিধি ও সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
বিজিবির এই সময়োচিত ও সাহসী পদক্ষেপে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিজিবির এমন কঠোর অবস্থানের কারণে সীমান্ত এখন অনেক বেশি নিরাপদ।
পড়ুন : লকডাউনে প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে


