পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন শিউলী বেগম

নারীর অর্থনৈতিক মুক্তি ও স্বাবলম্বিতা অর্জনের মধ্য দিয়েই টেকসই সমাজ গঠন সম্ভব এমন বিশ্বাসকে ধারণ করে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন শিউলী বেগম। শিক্ষকতার পাশাপাশি নারী উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক অসঙ্গতি দূরীকরণে তাঁর নিরলস স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড সৈয়দপুরে তৈরি করেছে ইতিবাচক দৃষ্টান্ত।

শিউলী বেগম বি.এস.এস. (অনার্স) ও এম.এস.এস. (অর্থনীতি) ডিগ্রিধারী। ২০১২ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত তিনি বর্তমানে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি একই বছর থেকে নারী উন্নয়ন ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।

অর্থনৈতিক মুক্তিই নারীর টেকসই উন্নয়ন’—এই স্লোগানকে সামনে রেখে পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করেন শিউলী বেগম। তাঁর লক্ষ্য ছিল, নারীরা যেন শুধু প্রশিক্ষণ গ্রহণেই সীমাবদ্ধ না থেকে নিজেদের তৈরি পণ্য বাজারজাত করার সুযোগ পান এবং আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন।

এই চিন্তা থেকেই নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য অনলাইনে বিক্রি ও বাজারজাত করার উদ্দেশ্যে তিনি গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম’। সংগঠনটির মাধ্যমে নারীদের হাতে তৈরি পণ্য অনলাইনে পরিচিতি ও বিক্রির সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি উদ্যোক্তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজন করেন নারী উদ্যোক্তা মেলা। প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়া যায়। এতে পিছিয়ে পড়া নারীদের মধ্যে নতুন উদ্যম ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি হয়।

সেই ধারাবাহিকতায় প্রতিবছর নারী উদ্যোক্তা তৈরিতে উৎসাহ জোগাতে মেলার আয়োজন করে আসছেন তিনি। ইতোমধ্যে আটবারের মতো এ ধরনের মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছেন, যা স্থানীয় নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিপণন ও নিজেদের পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখছে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধেও কাজ করে যাচ্ছেন শিউলী বেগম। এসব বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজন করেছেন একাধিক গোলটেবিল বৈঠক ও সেমিনার। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সচেতনতা সৃষ্টি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রশংসনীয়।

নারী উন্নয়ন ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি অর্জন করেন ‘জয়িতা সম্মাননা’। এ ছাড়া বাংলাদেশ স্কাউটসের ‘মেডেল অব মেরিট,সেরা রক্তদাতা সম্মাননা’ এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ‘সেরা নারী সম্মাননা’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

শিক্ষকতা,স্বেচ্ছাসেবা ও নারী উদ্যোক্তা তৈরির কার্যক্রম সব ক্ষেত্রেই শিউলী বেগমের মূল লক্ষ্য একটাই: নারী শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। তাঁর বিশ্বাস, একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, বরং একটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মও এগিয়ে যায়।

নারীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ সৃষ্টিতে শিউলী বেগমের এই প্রচেষ্টা নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন