সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে ৪৯ বিজিবি যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে।
পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশ থেকে ভারতে বা ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিতে গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
বিজিবির এ অধিনায়ক আরো বলেন, সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসী তথা সচেতন মহলের ভূমিকা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।
পড়ুন : ফটিকছড়িতে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৬–৮ রাউন্ড গুলি


