নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শোডাউনের প্রস্তুতির খবর পাওয়া গেছে। আগামীকাল সোমবার স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীরা এলাকায় শক্তি প্রদর্শন করতে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের দাবি, এ নিয়ে সংশ্লিষ্ট কয়েকজন নেতার মধ্যে গোপন বৈঠকও হয়েছে। এমন পরিস্থিতিতে জুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, তাঁদের কাছে খবর এসেছে, জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতা ও তাঁদের অনুসারীরা আগামীকাল বিসিক শিল্পনগরীতে শোডাউন করতে পারেন। এ বিষয়ে আজ রোববার কয়েকজন নেতার গোপন বৈঠক হয়েছে বলেও তাঁরা জানতে পেরেছেন। তাঁদের আশঙ্কা, শোডাউনের মাধ্যমে এলাকায় নিজেদের শক্তির জানান দিতে গিয়ে অন্য পক্ষের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে। এতে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, বিসিক শিল্পনগরীতে জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা রয়েছে। ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগানোর চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আগামীকালের সম্ভাব্য শোডাউনকে ঘিরে এ উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এমনিতেই দেশের তৈরি পোশাকশিল্প খাতে শ্রমিক অসন্তোষসহ নানা কারণে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই শিল্পাঞ্চলে জুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলে তার প্রভাব পুরো শিল্পাঞ্চলে পড়তে পারে। ব্যাহত হতে পারে কারখানার স্বাভাবিক উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কোনো পক্ষ শক্তি প্রদর্শনে নামলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও প্রশাসনকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
এ অবস্থায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিসিক শিল্পনগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে সম্ভাব্য শোডাউন ও গোপন বৈঠকের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীরের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে রাজপথে ব্যস্ত রয়েছি। এর মধ্যে বিসিক শিল্পনগরীতে জুট ব্যবসা নিয়ে কে কী করছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তবে এ ধরনের কোনো খবর পেলে সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশকে অনুরোধ করবো, তারা যেন বিষয়টি নজরদারিতে রাখে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করে।
একই সঙ্গে বিষয়টি আমরা থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির শীর্ষ নেতা অধ্যাপক মামুন মাহমুদ ভাইকে জানাব। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা এ ধরনের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও আমরা আলোচনা করব।”
পড়ুন : মানিকগঞ্জে হরিরামপুরে ইউপি চেয়ারম্যান আটক


