পাবনার বেড়ায় গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বেড়া পৌর ও উপজেলা বিএনপি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ভিপি শামসুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরসহ পৌর, উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি বেড়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে ভিপি শামসুর রহমানও এ ঘটনার নিন্দা জানান।
বক্তারা বলেন, বেড়ায় সাম্প্রতিক সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
পড়ুন : ঘাটাইলে গভীর রাতে অবৈধ বাংলা ড্রেজার জব্দ করল উপজেলা প্রশাসন


