মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
এয়ারক্রাফট পাঠানোর দাবির সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, “যে মুখপাত্র এয়ারক্রাফট চাওয়ার দাবি করেছেন, তার এই বিবৃতি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।”
বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের কর্মকাণ্ড প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, আসামিরা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো তৎপরতা চালাচ্ছেন না; বরং বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড গণমাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে কূটনৈতিক চ্যানেলে জানানো ছাড়া আর কিছু করার নেই।
আওয়ামী লীগের নেতাদের বর্তমান কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা যে সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি, তা তারা নিজেরাই বিশ্বের কাছে প্রমাণ করছেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল হয়তো বাধ্য হবে। এ বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের বিচার চাওয়া হয়েছে। বর্তমানে বিষয়টির তদন্ত চলমান রয়েছে, যা শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
ব্রিফিংয়ে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার প্রসঙ্গও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, এ মামলার যুক্তিতর্কের শুনানি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে এবং দেশের সব টেলিভিশন চ্যানেলও এটি সম্প্রচার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যে ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। তার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডের পাশাপাশি তার সম্পত্তি বাজেয়াপ্তসহ আনুষঙ্গিক অন্যান্য সাজাও প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, এদিন যুক্তিতর্কের এই শুনানি পর্যবেক্ষণ করতে ট্রাইব্যুনালে উপস্থিত হন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনরা। তাদের সঙ্গে ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলিও উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে সানজিদা ইসলাম তুলি বলেন, “এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই লড়াই চালিয়ে আসছি। দীর্ঘ প্রতীক্ষার পর আজ যুক্তিতর্কের শুনানি দেখতে এসেছি। সরকারের কাছে আমাদের দাবি ন্যায়বিচার।”
গুমের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, “গুম কমিশনের তথ্য অনুযায়ী, ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনও ফিরে আসেননি। গুমের শিকার ব্যক্তিদের গোপন বন্দিশালায় কীভাবে নির্যাতন করা হয়েছে, তাদের কী পরিণতি হয়েছে—প্রতিটি ঘটনার সত্য জানতে চাই। প্রত্যেকটি গুমের ঘটনার বিচার চাই।”
পড়ুন : মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সা/


