যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

দিল্লিসহ বিশ্বের যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশি মিশনে গেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।

বিজ্ঞাপন

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও এ সংক্রান্ত সংবাদ প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামা ওবায়েদ বলেন, “তার (‌শেখ হা‌সিনা) বিরুদ্ধে অভিযোগ আছে, তি‌নি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কি বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট।”

বিষয়টি নিয়ে বারবার আলোচনার প্রয়োজন নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌বে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।”

উড়োজাহাজ পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবির প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, “এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।”

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের ৭২-এর যে সংবিধান আছে, সেখানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তা‌কে পাস‌পোর্ট, এনআইডি বা অন্য কিছু দে‌বে না। এটা তো সং‌বিধা‌নে আছে। সুতরাং এটার ব্যত্যয় হ‌বে না।”

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তার করার সক্ষমতা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “উনি কোথায় আছে সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উ‌নি পা‌লি‌য়ে যাওয়ার পর থে‌কে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় কি যাবেন না যাবেন ইটস ইমেটেরিয়াল।”

ভারতসহ বিভিন্ন দেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, “ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে সেখা‌নে হাদির হত্যাকারী এবং এই জুলাই-আগস্টে যারা এই বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে যেই সাজাপ্রাপ্ত যারা আসামিরা লুকিয়ে আছে বিভিন্ন দেশে ভারতসহ তাদের সবাইকে এই প্রত্যর্পণ চু‌ক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি।”

দেশে ফেরার ঘোষণাকে ‘পলিটিক্যাল স্টান্ট’ আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, “তারপরেও এই যে একটা পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট যে ১৬ ডিসেম্বর ১৭ ডিসেম্বর; ভাই আসুক না, তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে, উনি নেতাকর্মীদেরকে বিপ‌দে ফেলে পালিয়ে গেছে। খামাখা এখন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, নেতা আছে তাদেরকে বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।” পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি পুনরায় বলেন, “উনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে।”

উল্লেখ্য, এর আগে এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও একই সুরে কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়; ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। এছাড়া দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশে সাম্প্রতিক সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করে হুমায়ূন কবির জানান, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

পড়ুন : প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন