পায়রার ভাঙনে তেঁতুলবাড়িয়া, ঝুঁকিতে জনপদ

প্রমত্তা পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ। নদীর তলদেশে ভাঙন ও পানির ঘূর্ণাবর্তের কারণে জরুরি ভিত্তিতে সংস্কার এবং জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও নদীর প্রবল স্রোতে টিকছে না এসব প্রতিরোধ ব্যবস্থা। সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাধিক অংশ ধসে পড়েছে, কোথাও দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এতে বসতভিটা, ফসলি জমি ও জনপদ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। তাঁদের দাবি, বারবার অস্থায়ী সংস্কারের বদলে এলাকায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

সম্প্রতি তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের ৫৯০ মিটারের মধ্যে প্রায় ১২০ মিটার অংশ ধসে পায়রা নদীতে বিলীন হয়েছে। নদীর তলদেশে ভাঙন ও পানির ঘূর্ণাবর্তের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার অংশে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে এসেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ করা হয়। এসব কাজের চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরে দুটি প্যাকেজের কাজ করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরে তিনটি প্যাকেজের কাজ করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর কাজ শেষ হয়।

চলতি অর্থবছরে বাস্তবায়িত তিনটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য একটি অংশে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।

বাঁধটি ভেঙে গেলে তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ নিশানবাড়িয়া ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, আমন ধান ও মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, সংস্কারের অল্প সময়ের মধ্যেই পায়রা নদীর ভাঙন ঠেকাতে ফেলা জিও ব্যাগ ও পাইলিং করা বেড়িবাঁধের একাধিক অংশ ধসে পড়ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটারজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে এসেছে। ভাঙন আতঙ্কে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না গেলে জনপদ ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

তেঁতুলবাড়িয়ার বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘যখন বেড়িবাঁধের কাজ করা হয়েছিল, তখন নদী অনেক দূরে ছিল। পরে ভাঙতে ভাঙতে নদী কাছে চলে এসেছে। এখন বাঁধও ভেঙে যাচ্ছে। সামনে আরও বন্যা আসবে বলে মনে হচ্ছে। এ অবস্থায় আমরা কী করব, বুঝতে পারছি না।’

স্থানীয় আরেক বাসিন্দা জয়নাল হাওলাদার বলেন, ‘একসময় এই বাঁধ নদীর মধ্যে ছিল, এখানে মানুষের বসতি ছিল। এখন কিছুই নাই। বাঁধ ভাঙতে ভাঙতে ঘরবাড়ি তো গেলই, এখন গ্রামটাও বিলীনের পথে। এরকম চলতে থাকলে এই গ্রাম আর বেশিদিন থাকবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার আসে, সরকার যায়; কিন্তু এখানকার মানুষের ভাগ্য বদলায় না। ভাঙনে সবকিছু শেষ হয়ে গেলেও সরকার এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করে না। মানুষের জানমাল রক্ষায় বারবার জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা হলেও নদীর পানির তোড়ে সেগুলো আবার ভেঙে যায়।’

পরিবেশ বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী আরিফ রহমান বলেন, তেঁতুলবাড়িয়া এলাকায় ভাঙনের স্থান থেকে কিছু দূরেই বঙ্গোপসাগরের মোহনা। ভৌগোলিক অবস্থান ও নদীর গতিপ্রকৃতির কারণে সেখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ফলে এলাকাটি বারবার ভাঙনের মুখে পড়ছে। অস্থায়ী ভিত্তিতে বাঁধ নির্মাণ করে সাময়িকভাবে প্লাবনের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব হলেও স্থায়ী সমাধানের জন্য বড় প্রকল্পের আওতায় টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান আর এস কনস্ট্রাকশনের সত্বাধিকারী মো. রাসেল বলেন, আমাদের কাজে কোন গাফিলতি ছিলো না। অফিসের ডিজাইন অনুযায়ী আমরা শতভাগ কাজ বাস্তবায়ন করেছি।

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, কাজ চলাকালে বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপের কারণে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত না হয়, সে জন্য বাঁধের ঢাল জিও ব্যাগ দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। এ ভাঙন ঠেকাতে নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলা প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে প্রয়োজনীয় বাজেট নেই। তবে ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্বস্তি মিলবে এখানকার বাসিন্দাদের।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন