কুয়েতে বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্টস (বিএমসি) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে। আজ ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনী এবং এমওআই (MOI)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কমান্ডার বিএমসি, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, এনডিসি, পিএসসি তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের গৌরবোজ্জ্বল তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি কুয়েতের মাটিতে বাংলাদেশি সেনাসদস্যদের অবদান এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্কের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনীর ডাইরেক্টর জেনারেল মোবিলাইজেশন ডাইরেক্টরেট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোলায়মান খালেদ ১৯৯১ সাল হতে অদ্যাবধি কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য বাংলাদেশি ডেপুটিগণের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনেও দুই দেশের সশস্ত্র বাহিনীর সু-সম্পর্ক আরও দৃঢ়তর হবে।
দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং বিএমসি টু কুয়েতের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ডের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয়। এর পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসি’র ক্রমধারার ওপর একটি দর্শনীয় চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের কাছে ভিডিওচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী উভয়ই বিশেষ আকর্ষণ সৃষ্টি করে এবং অনেকের স্মৃতিতে নাড়া দেয়।
এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘বিএমসি ম্যাগাজিন ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। সব মিলিয়ে সেনাবাহিনীর ঐক্য, শক্তি এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবার প্রত্যয়ে দিনটি স্মরণ করা হয়।
পড়ুন : নানকের আগমন ঘিরে সীমান্তে সতর্ক বিএনপি


