‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আতিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ আহমেদ।
আলোচনা সভায় খামারিরা জানান, প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাঁরা নিজেদের খামারে লালন-পালন করা গবাদিপশু ও পাখি প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন। প্রদর্শনীতে পশু-পাখিগুলো আকর্ষণীয়ভাবে সাজিয়ে উপস্থাপনের চেষ্টা করছেন তাঁরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, প্রাণিসম্পদ খাতে মেহেরপুর একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ জেলা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেহেরপুরকে সমৃদ্ধ করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাজ উদ্দিন খান বলেন, ১৯৯৬ সালের আগে গরু-ছাগল পালন করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব—এমন ধারণা মানুষের মধ্যে খুব একটা ছিল না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পর মেহেরপুরের মানুষ বিকল্প জীবিকার সন্ধানে গরু-ছাগল পালন শুরু করেন। এর মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন বলেন, প্রাণিসম্পদের দিক থেকে মেহেরপুর একটি সমৃদ্ধ জেলা। জেলায় বর্তমানে প্রায় ৩ লাখ ৭০ হাজার গরু এবং ৭ লাখ ছাগল রয়েছে।
এদিকে, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় খামারি ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ১১টি স্টল স্থাপন করা হয়েছে।
পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ


