নারায়ণগঞ্জের বন্দরে পরিবহনের অফিস কক্ষের মেঝের নিচে সুড়ঙ্গসদৃশ গোপন চেম্বার তৈরি করে মজুত রাখা ৯৯ বোতল স্কাফ উদ্ধার করেছে এসআরবি-১১। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক ট্রাক মালিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ওই পরিবহনের অফিসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অফিস কক্ষের মেঝের নিচে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পান সদস্যরা। পরে সেখান থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) ও তাঁর ছেলে মো. মাসুম (৩২)।
এসআরবি-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, গ্রেপ্তার আব্দুল করিমের একাধিক ট্রাক রয়েছে। লাঙ্গলবন্দের ওই স্থানটি তিনি ট্রাক রাখার কাজে ব্যবহার করতেন। সেখানে তাঁর একটি অফিসও রয়েছে। ওই অফিস থেকেই গোপন চেম্বারে মজুত রাখা মাদক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার বাবা-ছেলেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পড়ুন : টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ


