চট্টগ্রাম নগরীর হালিশহরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারনামীয় আসামি সাফায়েত হোসেন (২৫) ও মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি সাজু দাশ (৩৩)।
হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে এ অভিযান শুরু হয়। অভিযানে সিএমপি ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের বিশেষ টিমও সহায়তা করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে হালিশহরের রমনা আবাসিক এলাকা থেকে সাজু দাশকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে বড়পুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় হালিশহর থানায় মামলা রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২১ এবং জিআর নম্বর ১৮৯।
এদিকে সাফায়েত নগরীর শীর্ষ ছিনতাইকারী হিসেবে একটি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত। তার নেতৃত্বে আগ্রাবাদ এক্সেস রোডসহ আশপাশের এলাকায় প্রায়ই ছিনতাই হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ছোটপুল এলাকার বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে পুলিশে দিলেও জামিনে এসে আবারও সক্রিয় হয় সে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হালিশহর থানা পুলিশ।
পড়ুন : খাল খননে দোকান হারানো ব্যবসায়ীদের পাশে প্রবাসী, উদ্বোধন করলেন মার্কেট


