মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আপাতত বাংলাদেশ সফরে আসছেন না দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (২৮ নভেম্বর) কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের সফরটি স্থগিত করতে মালয়েশিয়া শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠায়। মতপার্থক্যের কারণে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির জোট সরকারের অন্যতম শরিক দল ডিএপি। এর ফলে রাজনৈতিক সংকটে পড়েছে আনোয়ার ইব্রাহিমের জোট সরকার।
কূটনৈতিক ওই চিঠিতে জানানো হয়, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আনোয়ার ইব্রাহিমের সফরের পরবর্তী দিনক্ষণ বাংলাদেশকে জানিয়ে দেবে। সংশ্লিষ্ট সূত্রের মতে, আগামী ৭ ও ৮ ডিসেম্বরের এই সফরটি পরবর্তীতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সুবিধাজনক তারিখ ও সময়ে পুনর্নির্ধারিত হবে।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়। সেই সঙ্গে ওই প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে ৭-৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন সময়ে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ছিল সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সরকারি বিদেশ সফর।
পড়ুন : শেখ হাসিনার কারণে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা : বিবিসির প্রতিবেদন


