নেত্রকোনার পূর্বধলা উপজেলার স্বাভাবিক দৃশ্যপট বদলে যেতে সময় লেগেছিল মাত্র আড়াই ঘণ্টা। ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে জালশুকা রেলক্রসিং এলাকা থেকে প্রায় ২০টি মোটরসাইকেলের বহর বের হওয়ার মধ্য দিয়ে যে উত্তেজনার সূচনা হয়, রাত সাড়ে ৭টায় তা রূপ নেয় রক্তপাতে। আর রাত ১০টা বাজতে না বাজতেই সেই রক্তপাতের পাল্টা প্রতিক্রিয়ায় দাউদাউ করে জ্বলে ওঠে সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এক রাতের এমন পাল্টাপাল্টি সহিংসতায় দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, আর গোটা উপজেলাজুড়ে নেমে এসেছে চাপা আতঙ্ক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে করে নেতাকর্মীরা জালশুকা রেলক্রসিং এলাকা থেকে বের হন। বহরটি বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী ও সরিস্তলা হয়ে বাদেপুটিকা বাজার এলাকায় পৌঁছায়। রাত সাড়ে ৭টার দিকে বাদেপুটিকা বাজারে গিয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাদের বাধা দেন। মুহূর্তেই বাগ্বিতণ্ডা ও উত্তেজনা রূপ নেয় সহিংসতায়। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন রানাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলার খবর দ্রুতই উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির নেতাকর্মীরা। রাত ১০টার দিকে তারা একত্র হয়ে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এরপরই সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে উপজেলার অন্যান্য এলাকায়।
হামলাকারীরা ধলা যাত্রাবাড়ী গ্রামে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেন। একই সময়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িও। আমজাদ হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাবা।
এখানেই থামেনি ক্ষোভের বিস্তার। রাতের আঁধারে পর্যায়ক্রমে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয় উপজেলার আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তির বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি ও পুটিকা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার খানের বাড়ি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়াহিদুর রহমান ছোটনের বাড়ি, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালুর বাড়ি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান ঝন্টুর বাড়ি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়ি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়ি। সব মিলিয়ে অন্তত ১০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালানোর খবর পাওয়া গেছে।
রাতের অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় যখন বাড়ির ভেতরে মানুষ আটকা পড়ার ঘটনা ঘটে। অগ্নিসংযোগের সময় সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের সহোদর ভাই সাখাওয়াত হোসেন শাকু ঘরের ভেতরে বাথরুমে আটকা পড়ে যান। চারদিকে আগুনের তীব্রতায় তিনি বের হতে না পেরে ভেতরেই দগ্ধ হন। পরে এলাকাবাসী তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
একদিকে কুপিয়ে জখম করা যুবদল নেতাকে ঢাকায় স্থানান্তর, অন্যদিকে অগ্নিদগ্ধ হয়ে আরেকজনের হাসপাতালে ভর্তি- দুই পক্ষের এমন রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক ঘটনার পর থেকে পূর্বধলার সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। উপজেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাতে জানান, “যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


