সাবেক সংসদ সদস্য এম ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তৎপরতা শুরু হয়েছে। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভূঁইয়া সবুজ।
তাড়াইলের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের সন্তান সবুজ ১৯৯৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম.কম ডিগ্রি অর্জনের পর বর্তমানে ঢাকা ট্যাক্স বারে আয়কর আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং ঢাকা ‘ল’ কলেজ আইন ছাত্র ফোরামের সভাপতি ও ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৯ সালে তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ভাষ্যমতে, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তিনি ৩২টি মামলার আসামি হয়েছেন এবং ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচবার কারাবরণ করেছেন। দীর্ঘদিনের এই সাংগঠনিক অভিজ্ঞতা, উচ্চশিক্ষা ও ত্যাগের মূল্যায়ন হিসেবে দল তাকে মনোনয়ন দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অন্যদিকে, উপনির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তাড়াইল ও করিমগঞ্জের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


