খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের অন্যতম হোতা শুটার ইমরানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খুলনার রূপসা উপজেলার দেয়ারা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান (৪০), আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), আব্দুল হালিম শিকদারের ছেলে হানিফ সিকদার (১৯), রাজাপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আল আমিন (২০) এবং রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১)।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর ভোর ৩টা ৫০ মিনিটে এসআরবি-৬ ও এসআরবি-২-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত বি-কোম্পানির শুটার ইমরান ও তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত বাবা-ছেলে হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া খুলনা মহানগর এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য রয়েছে।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত


