পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে রাতের আঁধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। বুধবার মধ্যরাতের এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে।
এই হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।
বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেন, বুধবার (৭মে) রাত ১টা ৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযান পরিচালনা করেছে। ২৫ মিনিটে ৯টি লক্ষ্যবস্তুতে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী।
সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রির সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও বিমানবাহিনীর উইং কমান্ডার ভায়োমিকা সিংহ উপস্থিত ছিলেন। মিশ্রি বলেছেন, জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে হামলা করা হয়েছে। পেহেলগামের ওই হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে।
কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন, এই অভিযানে আমাদের কৌশলের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। গত তিন দশক ধরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসীদের নিয়োগের কেন্দ্র, প্রশিক্ষণ অঞ্চল এবং প্যাড চালুসহ অবকাঠামো নির্মাণ করে আসছে ইসলামাবাদ। এই অভিযান সেসব স্থাপনা ভেঙে ফেলার এবং ভবিষ্যতের হামলা ঠেকানোর উদ্দেশ্যে পরিচালনা করা হয়েছে।
পড়ুন: ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাকিস্তানে নিহত বেড়ে ২৬
দেখুন: ভারত নাকি পাকিস্তান, সামরিক শক্তিতে কে এগিয়ে?
এস


