আব্দুল্লাহ আল লোমান,জামালপুর: শ্রদ্ধা ও ভক্তিতে জামালপুরের জুলাই শহীদ মো. লিটনের কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন। লিটনসহ সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের খামারপাড়া গ্রামে শহীদ লিটনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. ইমরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) রেজুয়ান ইফতেখার, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ.ম আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, শহীদ মো. লিটন ২০ জুলাই ঢাকার মধ্য বাড্ডায় অবস্থিত রিচম্যান গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বের হলে টহলরত পুলিশের গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন—বলেন নিহতের ভাই ইমন।
পড়ুন: দিনাজপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ত শহিদ জুলাই গণঅভ্যুত্থান দিবস
দেখুন: ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা, গ্রেফতার ও বিচারের সর্বশেষ খবর
ইম/


