নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেট ও ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সোনাখুলী গ্রামের টাড়ী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের সরঞ্জাম পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পুলিশের পোশাক, নেমপ্লেট, সিমকার্ড ও ধারালো চাকু। নির্জন স্থানে এসব সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, নির্জন স্থানে পুলিশের পোশাক ও ধারালো চাকু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনো অপরাধী চক্র বড় ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বা অপরাধ শেষে এসব সরঞ্জাম এখানে ফেলে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই সরঞ্জামগুলো কোথা থেকে এলো বা কারা এখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
পড়ুন : নাটোরে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করলেন গ্রাম পুলিশ


