নেত্রকোনা সদর উপজেলার পূর্ব চকপাড়া এলাকায় পরিত্যক্ত বসতঘরে মাদক সেবনকালে পাঁচ ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার পূর্ব চকপাড়া এলাকাস্থ রুবেল মিয়ার পরিত্যক্ত বসতঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে পাঁচ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পূর্ব চকপাড়া এলাকার মৃত জামাল বাদশার ছেলে মো. রুবেল মিয়া (৩২), চকপাড়া এলাকার মো. কালা মিয়ার ছেলে মো. রাফি (২১), একই এলাকার মৃত অনু মিয়ার ছেলে মো. কালা মিয়া (৩৭), জয়নগর এলাকার মৃত আফজাল হোসেন তালুকদারের ছেলে রাজীব আহমেদ (৪৫) এবং বারহাট্টা রোড গরুহাট্টা এলাকার মো. হারিছ মিয়ার ছেলে মনির হোসেন (২৮)।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাসুম আহমদ। তিনি আটককৃত আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতের রায়ে আটককৃত প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামিদেরকে বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলাজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
পড়ুন : আখাউড়া রেলওয়ে জংশনে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড


