চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার ও মোটরসাইকেলের সংঘর্ষে আঞ্জুমান আরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান আরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং এবারের এইচএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি একই উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল ৫টার দিকে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাটাহাম্বারের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আঞ্জুমান আরার মৃত্যু হয়েছে।
এইচ এস সি পরীক্ষার আগ মুহূর্তে মেধাবী এই ছাত্রীর অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক লাটাহাম্বারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ছাত্রীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

