ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রনি মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের দেবগ্রাম টানা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণাউরি পূর্বপাড়া গ্রামের রউফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবগ্রাম এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশায় থাকা রনি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়ার একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিকশাচালক জুয়েল মিয়া (২৫)কে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি আখাউড়া পৌরসভার দেবগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা এবং জাকির মিয়ার ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত


