সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম-কে জনস্বার্থে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশের সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা এক আদেশে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। গত ৪ মে বদলির এ আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, তিনি ২০২৫ সালের ৮ ডিসেম্বর বিশ্বম্ভরপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন।দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং থানার কার্যক্রমে গতিশীলতা আনতে নানা উদ্যোগ গ্রহণ করেন।
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। তার দায়িত্বকালীন সময়ে মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ সাধারণ মানুষের নজরে আসে।
বিশ্বম্ভরপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বিভিন্ন সময় কঠোর অবস্থান গ্রহণ করেন। বিশেষ করে মাদক, চোরাচালান ও সামাজিক অপরাধ প্রতিরোধে তার ভূমিকা স্থানীয় পর্যায়ে আলোচনায় ছিল।
এদিকে তার বদলির খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার কর্মদক্ষতার প্রশংসা করেছেন। তবে নতুন কর্মস্থল ঢাকা রেঞ্জে তিনি কী দায়িত্বে যাচ্ছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে নিয়মিত বদলি কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পড়ুন- রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, অলি-গলিতে জলাবদ্ধতা


