ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থকের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৫টায় এবং বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় রিও ডি জেনিরোর বিখ্যাত মিউজিয়াম অব টুমোরোতে আয়োজিত হবে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান।
বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত হতে যাওয়া ২৬ সদস্যের চূড়ান্ত দলে থাকছেন কি না ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র—তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। জাতীয় দলের জার্সিতে ৭৯ গোল করা এই তারকা দীর্ঘদিন ধরেই চোট, ফর্মহীনতা ও ব্যক্তিগত বিতর্কের কারণে আলোচনায় রয়েছেন। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে সমর্থকদের কৌতূহল এখন তুঙ্গে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ নানা দেশের প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন স্কোয়াড ঘোষণার অনুষ্ঠানে।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টিভি গ্লোবো, স্পোরটিভি এবং এসবিটি অনুষ্ঠানটি সম্প্রচার করবে। এছাড়া মোবাইল ব্যবহারকারীরা জিই টিভি ও সিবিএফ টিভির সরকারি ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পারবেন পুরো আয়োজন।
উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। গ্রুপ ‘সি’-তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। আগামী ১৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। এরপর ২০ জুন সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন দিবাগত রাত ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাম্বার দেশটি।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ৩০ মে ও ৬ জুন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলবে আনচেলত্তির শিষ্যরা। নতুন কোচের অধীনে ব্রাজিল কেমন দল গঠন করে এবং নেইমার শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পান কি না—সেদিকেই এখন তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।
পড়ুন : বিশ্বকাপে সুযোগ না পেলে কী করবেন নেইমার, জানালেন নিজেই


