সিরাজগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আর্জেন্টিনা দলকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
রবিবার (৩১ মে) রাত ৮টায় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ম্যাচেটি ৩০ মিনিটব্যাপী খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিল দল ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। মাঠে উপস্থিত শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়।
খেলায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. মাসুদ রানা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামীন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক ফুন্ট, সদস্য আল আমিন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না প্রমুখ।
পড়ুন- রামিসা ধর্ষণ-হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী


