সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক ও আমানতকারীরা নতুন ৫ দফা দাবি তুলে ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় জেলা শহরের ২ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিরাজগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন আমানতকারী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যাংকের নারী গ্রাহকরাও অংশ নিয়ে দাবিগুলোর প্রতি সমর্থন জানান।
মানববন্ধনে বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: খুরশীদ আলমের অবিলম্বে অপসারণ ও পদত্যাগ, ব্যাংকের আগের সফল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান ওমর ফারুককে সসম্মানে পুনর্বহাল, ইসলামী ব্যাংকের বর্তমান সংকটময় পরিস্থিতির দায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনতিবিলম্বে পদত্যাগ, বিতর্কিত এস আলম গ্রুপের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পদ সরকারের হেফাজতে নিয়ে জব্দ করা এবং ব্যাংকে থাকা এস আলমের সমস্ত জব্দকৃত শেয়ার বাজারমূল্যে বিক্রি করে তার নেওয়া বেনামী ও খেলাপি ঋণ দ্রুত সমন্বয় করা।
বক্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল আমিন সিদ্দিক খসরু এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী আব্দুল কাদের ইমন। এসময় আরও উপস্থিত ছিলেন ড. খ ম আব্দুর রাজ্জাক, এ্যাড. আবু তালেব আকন্দ, অধ্যাপক শাহীন রেজা, ইকবাল হোসেন সিদ্দিকী আমির হোসেন, তাহেরা খাতুন প্রমূখ।


