২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে কয়েক মাস ধরেই ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কার অবসান হয়েছে। দেশের দর্শকদের জন্য টেলিভিশন ও ডিজিটাল; দুই মাধ্যমেই বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।
জানা গেছে, ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল; টি স্পোর্টস, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফলে টেলিভিশনের পর্দায় বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি দেশের জনপ্রিয় দুটি ওটিটি প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপেও বিশ্বকাপের সব উত্তেজনা উপভোগ করতে পারবেন দর্শকরা। ফলে ঘরে কিংবা বাইরে, যেকোনো জায়গা থেকেই ম্যাচ দেখার সুযোগ মিলবে ফুটবলপ্রেমীদের।
প্রসঙ্গত, বিশ্বকাপের ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।
এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই আসরে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। এর মধ্যে ১১টি ভেন্যু রয়েছে যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং দুটি কানাডায়।
আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

