নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে ঝটিকা মিছিলের জেরে লালমনিরহাট জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচটি থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি।
রবিবার (০৬ জুন) দুপুরে ও সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের লালমনিরহাটের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (০৫ জুন) লালমনিরহাটে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলাটিতে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনার পরপরই জেলাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের এই যৌথ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন,কালীগঞ্জ থানা,ভোটমারী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজিজার রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. এরশাদুল হক, উত্তর ৩২ হাজারী এলাকার মো. আনোয়ার এবং উত্তর দলগ্রামের রিপন চন্দ্র রায়।
পাটগ্রাম থানা,রসুলগঞ্জের ছাত্রলীগ কর্মী শাহরিয়ার শামীম এবং বুড়িমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তুহিনুজ্জামান বাবু।হাতীবান্ধা থানা,ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আদনান শুভ। আদিতমারী থানা,ভাদাই ইউনিয়নের আরাজি দেওয়াডেবা গ্রামের নজরুল ইসলাম। সদর থানা ও ডিবি (যৌথ অভিযান), কালীবাড়ির লতিফুর রহমান অন্তর, খোর্দ সাপটানার সিফাত এবং সাবেক সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাপটিবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোতালেব খন্দকার।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা বলেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পুলিশের কঠোর অবস্থান বজায় রয়েছে। ছাত্রলীগের প্রকাশ্য মিছিলের পর জেলাজুড়ে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, পাঁচটি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : পলাশে ফুটবল উন্মাদনা: ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বিশাল র্যালি


