ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। যানজট কমাতে এবং নগরবাসী ও পর্যটকদের চলাচল সহজ করতে বৃহস্পতিবার মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।
মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় শেইনবাউম জানান, জরুরি সেবা ও বিশ্বকাপ-সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কর্মীদের বাইরে ফেডারেল সরকারি কর্মচারীদেরও সেদিন বাসা থেকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক মেক্সিকো। ছয় সপ্তাহব্যাপী এই আসরে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শেইনবাউম বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মেক্সিকো সিটির বাসিন্দা ও আগত পর্যটকদের চলাচল, সড়ক নিরাপত্তা ও প্রবেশগম্যতা নিশ্চিত করতেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও অতি প্রয়োজনীয় নয় এমন প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।
গ্রুপ ‘এ’-তে থাকা মেক্সিকো নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ১৮ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপোপানে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৪ জুন মেক্সিকো সিটিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে তারা।
পড়ুন:মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন ব্যবসা করায় ৩ বাংলাদেশি দোকান সিলগালা
দেখুন:‘দুর্নীতির কারণে উন্নয়ন ব্যয় বাড়ে
ইমি/


