পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় “বাঁশকল” স্থাপন করে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেছে জেলা পুলিশ।
বুধবার (১০ জুন) পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের পক্ষ থেকে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ, গরু চুরি ঠেকানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ২৫ জন স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে গবাদিপশু চুরি প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণে বিভিন্ন স্থানে “বাঁশকল” স্থাপন করা হয়। এতে চুরি ও অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে।
পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসম্পৃক্ততা বাড়লে অপরাধ দমন আরও কার্যকর হবে।
এ উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। সচেতন মহলের মতে, সাধারণ মানুষকে অপরাধ প্রতিরোধে সম্পৃক্ত ও উৎসাহিত করতে জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

