নরসিংদীতে মাধবদী বাজারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে নয়ন বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং বেকারি মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি আগামী এক কর্মদিবসের মধ্যে বিএসটিআইয়ের নরসিংদীর আঞ্চলিক কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে অবস্থিত নয়ন বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিটির অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় বিএসটিআই অনুমোদনের অভাবের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনের আওতায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশও প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।
অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ পারভেজ মিয়া (সিএম)। এছাড়াও র্যাবের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

