ভোলায় দু’দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। তিনি বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। এ আদালতের কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্টদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ বেল্লাল হোসেন, সমাজসেবা অধিদপ্তর ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম। এসময় তারা বলেন গ্রাম আদালতের আইন, বিধিমালা, মামলা ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ, অনলাইন রিপোর্টিং এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় প্রশিক্ষার্থীরা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মাঠপর্যায়ে কাজের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন। দুই দিনের এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় নবউদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনডিসি ভোলা এটিএম রুহুল আমীন, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার, ভোলা সদর ও দৌলতখান উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ রিয়াজ মোর্শেদ, শিউলি বেগম ও ইলিয়াস প্রমূখ৷
পড়ুন : ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ


