কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ২৩ জুন দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। এ কারণে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে বিশেষ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্য অনুযায়ী, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং মিছিল করার চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ আশঙ্কার বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, এসব কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।
চিঠিতে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণ এবং কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় এমন একটি ঝটিকা মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, যেখানে তিনজনকে আটক করে পুলিশ।
একই দিনে গণভবনের সামনে যুবলীগের ব্যানারে একটি মিছিলের খবরও পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রম যেন জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পড়ুন: ট্রাফিক নিয়ন্ত্রণে এআই: রাজধানীর আরও ১২০ মোড়ে আসছে স্মার্ট ট্রাফিক সিস্টেম
আর/


