বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে নবগঠিত সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এসময় সভাপতির বক্তব্যে আরমান হোসেন বাবু বলেন,সাভার পৌর ছাত্রদল সবসময় জনগণের পাশে থেকে শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রগঠন ও উন্নয়নের যে স্বপ্ন, তা বাস্তবায়নে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা সাভারে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব ছাত্রসংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।
তিনি আরও বলেন,নবগঠিত কমিটির প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। সাভারের প্রতিটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছি।
সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন,আমরা ছাত্রদল সবসময় ভালো ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে থাকতে চাই। গতকাল সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও জনদুর্ভোগ নিরসন, মানবিক কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করব।
তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগ ও যুবলীগের সৃষ্ট নৈরাজ্য, সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় সাভার পৌর ছাত্রদল কাজ করে যাবে।
সমাবেশের শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা সাভার পৌর ছাত্রদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত


