মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

মৃত্যুর সাড়ে সাত মাস পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে জহিরুল হক সামচু ঢালীর। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসমাইল ঢালীর ছেলে। কার্যক্রম নিষিদ্ধ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। অথচ গত ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি ফৌজদারি মামলার আসামি হয়েছেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল ব্যক্তি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে সড়কে যান চলাচল। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সেই তালিকার ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

একজন মৃত ব্যক্তিকে তার মৃত্যুর পর সংঘটিত ঘটনার মামলায় কীভাবে আসামি করা হলো, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মামলার এজাহার তৈরির আগে আসামিদের পরিচয়, জীবিত থাকা এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা ব্যঙ্গ-বিদ্রূপ। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, দলীয় কর্মসূচিতে অংশ নিতে মৃত্যুর পরও যেন কবর থেকে উঠে এসেছেন কার্যক্রম নিষিদ্ধ ওই আওয়ামী লীগ নেতা। তবে হাস্যরসের আড়ালে ঘটনাটি মামলার আসামি শনাক্তকরণ ও এজাহার তৈরির প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছেন অনেকেই।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।’

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’

অন্যদিকে, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন