দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিলের পোস্টারবয় নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট রয়েছেন এই তারকা ফরোয়ার্ড। এমনটাই জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন আনচেলত্তি। তিনি জানান, কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার এবং দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। মরক্কো ও হাইতির বিপক্ষে দলের প্রথম দুই ম্যাচে তাকে বাইরে থাকতে হয়েছিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তার ফেরার সম্ভাবনা উজ্জ্বল।
নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, সে খুব ভালো অবস্থায় আছে। পুরো সপ্তাহজুড়ে দারুণ অনুশীলন করেছে। সে সম্পূর্ণ ফিট এবং খেলতে প্রস্তুত। তার ফিরে আসায় আমরা খুবই আনন্দিত। সে একজন অসাধারণ ফুটবলার।
ব্রাজিল কোচ আরও বলেন, তার মানসিক অবস্থাও দারুণ। সে খুবই মনোযোগী এবং সিরিয়াস ছিল। ইনজুরি কাটিয়ে ফিরতে কঠোর পরিশ্রম করেছে। এখন সে দলের জন্য প্রস্তুত।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের জন্য স্কটল্যান্ড ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। দুই ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে নকআউট পর্বের টিকিট।
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত হবে ব্রাজিল-স্কটল্যান্ডের এই লড়াই। আর সেই ম্যাচে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

