চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় আহত হয়ে দীর্ঘ সময় সড়কের পাশে পড়ে থাকার পর ইকবাল হোসেন (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন উধাও হয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক।
নিহতের বড় ভাই আলী আকবর জানান, বিকেল সাড়ে ৩টার দিকে একটি দ্রুতগতির বাস ইকবালকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর তিনি দীর্ঘ সময় সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ইকবালকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল।
আলী আকবরের অভিযোগ, হাসপাতালে নেওয়ার সময় দেখা যায় ইকবালের পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন নেই। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকার সময় কে বা কারা সেগুলো নিয়ে গেছে বলে তাদের ধারণা।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন : পটিয়ায় প্রবাল এক্সপ্রেসের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১


