সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, অর্থ আত্মসাৎ এবং অসদাচরণের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
বুধবার (১ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিএম নুরুল হুদা নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। ফলে সেবা নিতে এসে সাধারণ গ্রাহকদের প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাঁরা আরও অভিযোগ করেন, সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে গাছ কেটে বিক্রি করা, বিভিন্ন সেবার ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ আদায় এবং নারী গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।
বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জিএম নুরুল হুদাকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রাহক সোল্লাইমান, মোছা. ফুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মো. মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন, মনসুরসহ ভুক্তভোগী গ্রাহকরা।
তবে এসব অভিযোগের বিষয়ে জিএম নুরুল হুদার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
পড়ুন : কাতারে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদল, তবুও আলোচনা নিয়ে ধোঁয়াশা
সা/


