ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল বিকাশ নিশ্চিত করার প্রত্যয়ে ইস্পাহানি গ্রুপের নতুন উদ্যোগ ‘ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল’-আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদান এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার পরিবেশে পরিচালিত একটি অত্যাধুনিক ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বড় মগবাজারে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্পাহানি গ্রুপের পরিচালকবৃন্দ, জাহিপা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, তেহসিন চৌধুরী ইস্পাহানি। এছাড়া উপস্থিত ছিলেন ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল শামনাজ ফারজানা, কেমব্রিজ ইউনিভার্সিটির মোঃ নাকিব হায়দার, ব্রিটিশ কাউন্সিল- এর সৈয়দ ফাহিম ফয়সাল ও ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অতিথিদের নিবন্ধন ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে ইস্পাহানি গ্রুপের পরিচালকবৃন্দ বলেন, “আমরা শিশুদের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি, যেখানে তারা নিরাপদ, নির্ভয় ও আনন্দময় পরিবেশে বেড়ে উঠতে পারবে এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি সুদৃঢ়ভাবে নির্মাণ করতে সক্ষম হবে।”
এছাড়া অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি রচিত হয় তার প্রাথমিক শিক্ষাজীবনে। সেই লক্ষ্যকে সামনে রেখে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল আধুনিক শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল কার্যক্রম, নৈতিক মূল্যবোধ এবং শিশু-কেন্দ্রিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইস্পাহানি গ্রুপের এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তোলার যাত্রায় ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল নতুন অধ্যায়ের সূচনা করল।
পড়ুন:এমপিকে দিয়ে উদ্বোধনের পর সড়কের ইট বিক্রি
ইমি/


