রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতার একটি দল ওই ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত তাঁর কার্যালয়ে এ হামলা চালায়।
সূত্রের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় উপস্থিত হয়। তারা শুরুতে নিচতলার কার্যালয়ের কাচ ভেঙে ফেলেন এবং পরে ভেতরে ঢুকে আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে ভাঙচুর করা সেসব আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত ওই বাসাতেই বসবাস করতেন মাইনুল হোসেন নিখিল। তবে ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
ঘটনাটি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি হামলার খবর শুনেছেন; তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি।
পড়ুন : রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে মামলার আইসিজের রায় আজ
সা/


