ব্রিটিশ লেখক ই এম ফরস্টারের কালজয়ী উপন্যাস ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য নতুন আন্তর্জাতিক সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা আলী ফজল। বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) জন্য নির্মিতব্য পাঁচ পর্বের এ সিরিজে ১৯২০-এর দশকের ব্রিটিশ শাসনাধীন ভারতের চিকিৎসক ডক্টর আজিজের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতার পরিচালনায় ও চিত্রনাট্যে সিরিজটির দৃশ্যধারণ হবে ভারতে। ভারতীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের সমন্বয়ে সিরিজটির অভিনয়শিল্পী ও কলাকুশলী দল সাজানো হচ্ছে।
গল্পের পটভূমি ১৯২০-এর দশকের ঔপনিবেশিক ভারত, যেখানে কেন্দ্রীয় চরিত্র ডক্টর আজিজ বিশ্বাস করেন যে সাংস্কৃতিক ব্যবধান পেরিয়ে মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে ওঠা সম্ভব। কিন্তু একটি বিতর্কিত ঘটনা তাঁর জীবনের গতিপথ বদলে দেয় এবং শুরু হয় আইনি লড়াই। এ সংঘাতের মধ্য দিয়েই ক্রমে ঔপনিবেশিক সমাজের জাতিগত বিদ্বেষ, বৈষম্য ও ক্ষমতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে, যার সঙ্গে জড়িয়ে পড়ে আরও অনেকের জীবন।
আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা আলী ফজলের জন্য অবশ্য নতুন নয়; এর আগে তিনি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ গুড্ডু পণ্ডিত চরিত্রে অভিনয় করে উপমহাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। এবার বিশ্বসাহিত্যের আলোচিত এ উপন্যাসের পর্দায় রূপান্তরে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক বিনোদন জগতে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ পাচ্ছেন এ অভিনেতা।
পড়ুন : মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
সা/


