বিজ্ঞাপন

জুলাই চেতনা ধারণ করুন, বিক্রি করবেন না: ধামরাইয়ে চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র ধারণ করি। জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের অন্তরে ধারণ করতে হবে। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তারা পালিয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ করব, জুলাই চেতনা কেউ বিক্রি করবেন না। জুলাই চেতনা ধারণ করুন। এই চেতনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেতনা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে প্রায় চারশ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের সমঅধিকারের কথা বলেছেন। কৃষক কার্ডসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পাবে। হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলবে।

নূরুল ইসলাম মনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে পূজার সময় বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। তবে গত দুই বছরে তার এলাকায় কোনো মন্দির বা প্রতিমায় হামলার ঘটনা ঘটেনি এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন বলেও তিনি দাবি করেন। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমান কাজ করছেন এবং উগ্রবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না।

রথযাত্রা উপলক্ষে এদিন ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। শ্রীশ্রী যশোমাধব দেব, তাঁর ভাই কানাই-বলাই এবং আদ্যা দেবীর বিগ্রহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্দির থেকে নামিয়ে ঐতিহ্যবাহী রথে স্থাপন করা হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রথটি রথখোলা থেকে টেনে ধামরাই বাজারের গোপীনাথপুর মন্দিরে নেওয়া হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গোপীনাথপুর মন্দির যশোমাধব দেবের শ্বশুরবাড়ি। সেখানে সাত দিন অবস্থানের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে দেবতাকে পুনরায় মূল মন্দিরে ফিরিয়ে আনা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে রথযাত্রার ধর্মীয় আনুষ্ঠানিকতা। একই সঙ্গে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রথমেলা, যা আগামী এক মাস দর্শনার্থী ও ভক্তদের পদচারণায় মুখর থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি (অব.) মেজর জেনারেল জীবন কানাই দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ২৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী সরিয়ে প্রতারক ঠিকাদার শ্রীঘরে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন