বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণে তারেক রহমানের কঠোর অবস্থান : আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, সংসদে প্রণীত নতুন আইনে মাদক বেচাকেনা, প্রচার এবং ক্রিপ্টোকারেন্সিসহ ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক-সংক্রান্ত লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-২ আসনের বাস্তা কুমলি এলাকায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পরে তিনি বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি কৃষিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “কেরাণীগঞ্জে কোনো ধরনের মাদক থাকতে দেওয়া হবে না। যারা মাদক বিক্রি করবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক সেবীদেরও আইনের আওতায় আনা হবে। কেরাণীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার কিংবা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না। ঢাকা-২ আসনের কেরাণীগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ, মো. আলমগীর খান, আবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

পড়ুন : বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন