রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় ছাত্র প্রতিনিধি সাগর শিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার ও এনপিবির রাজবাড়ী জেলা প্রতিনিধি।
পাংশা হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার সাংবাদিক আকাশ মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করেন। সে বিষয়ে শনিবার বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা ছাত্রপ্রতিনিধিদের উপর হামলা করে। আমি ভিডিও করলে আমার উপর হামলা করে আমার ফোন থেকে ভিডিও ডিলিট করতে বলে আমার উপর আবারও আক্রমণ করে। পরে আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।
আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈশালা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইকদের একটি সিন্ডকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করেন। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে শনিবার বিকেলে আমরা (ছাত্রপ্রতিনিধিরা) মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা লাঠি-সোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিক সহ আমরা প্রায় ১০-১২ জন আহত হই।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : উলিপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা


