আশুলিয়ায় সালিশি বৈঠকে ডেকে নিয়ে দুই অন্তঃসত্ত্বা নারীর তলপেটে লাথি ও মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় দীর্ঘ ১৬ দিন পর মামলা নিলেও পাল্টা মামলায় ভুক্তভোগী পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুজন হচ্ছে- রুবেল হোসেন ও তানজিলা আক্তার। রুবেল হোসেন অন্তঃসত্ত্বা দুই নারীর ছোট ভাই। তানজিলা ভুক্তভোগী অন্তঃসত্ত্বা রিনা খাতুনের মেয়ে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ আরইবি রোড এলাকায় দুই প্রতিবেশীর মাঝে ঘটা বিরোধ নিষ্পত্তির কথা বলে ডেকে নেওয়া হয় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিনা খাতুন ও তার আট মাসের অন্তঃসত্ত্বা বোন এলিনা পারভীনকে। সেখানে স্থানীয় শহিদুল ইসলাম লেবু, মো. শরীফসহ তাদের সহযোগীরা দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে সজোরে লাথি মারেন। এতে তাদের রক্তক্ষরণ শুরু হয়। মারধরের শিকার হন পরিবারের আরও তিন সদস্য। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীদের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় লিখিত এজাহার জমা দেন।চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম ও শারীরিক আঘাতের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও দীর্ঘ ১৬ দিন কালক্ষেপণ করে ভুক্তভোগীদের মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
ভুক্তভোগীদের মামলা রুজু হওয়ার পর দেলোয়ার হোসেন (৩৭) নামের এক ব্যক্তি বাদী হয়ে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে এজাহার দায়ের করানো হয়। অভিযোগ উঠেছে, কোনো ধরনের প্রাথমিক তদন্ত বা ঘটনাস্থলের বাস্তবতা যাচাই ছাড়াই গত ১৬ নভেম্বর দেলোয়ারের এজাহারটি নিয়মিত মামলা (মামলা নং-৪০) হিসেবে নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ। এরপরই ভুক্তভোগী দুই অন্তঃসত্ত্বার পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাদী সাজানো দেলোয়ার হোসেন নিজেই হামলাকারীদের সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেদিন তাদের ওপর চড়াও হয়ে হামলা করতে গিয়ে নিজের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করার একপর্যায়ে ভিড়ের মধ্যে মানুষের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন দেলোয়ার।
ভুক্তভোগী এলিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, চারপাশে তখন কেবল প্রভাবশালীদের লোকজন। ঘরে আটকে রেখে আমাদের গর্ভে লাথি মেরে রক্তক্ষরণ ঘটানো হচ্ছিল। নিজেরা যখন রক্তাক্ত হয়ে বাঁচার চেষ্টা চালাচ্ছি ও গুরুতর অসুস্থ আমাদের উদ্ধারের চেষ্টা করা হয়েছিল তখন সেখানে আরকেজনকে পাল্টা মারধরের কোনো প্রশ্নই আসে না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রভাবশালীদের বাঁচানো এবং আমাদের কোণঠাসা করতেই এই নাটক সাজানো হয়েছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এক পক্ষের দুই অন্তঃসত্বা নারীদের মারধর করা হয়েছে সেই মামলা নেওয়া হয়েছে। এছাড়া আরেক পক্ষের একজন আঘাতপ্রাপ্ত হয়েছে তার মামলাও নেওয়া হয়েছে। মামলা দুটিতে চারজন গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড


